BDLD LogoLaws Database
Search for acts, sections, or keywords...
⌘K

Search BDLD Laws

Table of Contents

  • Chapter 1: General1. ১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন2. ২৷ সংজ্ঞা3. ৩৷ ইনষ্টিটিউট স্থাপন4. ৪৷ সাধারণ পরিচালনা5. ৫৷ পরিচালনা বোর্ড6. ৬৷ ইনষ্টিটিউটের দায়িত্ব7. ৭৷ মহাপরিচালক ও পরিচালক8. ৮৷ বোর্ডের সভা9. ৯৷ নির্দেশ প্রদানের ক্ষমতা10. ১০৷ সভাপতির বিশেষ ক্ষমতা11. ১১৷ কমিটি12. ১২৷ ইনষ্টিটিউটের তহবিল13. ১৩৷ ঋণ গ্রহণের ক্ষমতা14. ১৪৷ ক্ষমতা অর্পণ15. ১৫৷ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ16. ১৬৷ বার্ষিক বাজেট বিবরণী17. ১৭৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা18. ১৮৷ প্রতিবেদন19. ১৯৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ20. ২০৷ বিধি প্রণয়নের ক্ষমতা21. ২১৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা22. ২২৷ ন্যাশনাল ইনষ্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট বাতিল ইত্যাদি

জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২

Act No. ২৭ of 1992

Enacted: 1992-01-01

Chapter 1
General

1.১৷ সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন

জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট স্থাপনকল্পে প্রণীত আইন৷ যেহেতু জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট নামে একটি ইনষ্টিটিউট স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন ১৷ (১) এই আইন জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট আইন, ১৯৯২ নামে অভিহিত হইবে৷ (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন বলবত্ হইবে৷

2.২৷ সংজ্ঞা

সংজ্ঞা ২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ইনষ্টিটিউট” অর্থ এই আইনের অধীন স্থাপিত জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট; (খ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (গ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঘ) “বোর্ড” অর্থ ইনষ্টিটিউটের পরিচালনা বোর্ড; (ঙ) “মহাপরিচালক” অর্থ ইনষ্টিটিউটের মহাপরিচালক; (চ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য; (ছ) “সভাপতি” অর্থ বোর্ডের সভাপতি৷

3.৩৷ ইনষ্টিটিউট স্থাপন

ইনষ্টিটিউট স্থাপন ৩৷ (১) এই আইন বলবত্ হইবার পর, যতশীঘ্র সম্ভব, এই আইনের বিধান অনুযায়ী জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট নামে একটি ইনষ্টিটিউট স্থাপিত হইবে৷ (২) ইনষ্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে, এবং এই আইন ও বিধি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার পক্ষে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে৷ (৩) ইনষ্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে৷

4.৪৷ সাধারণ পরিচালনা

সাধারণ পরিচালনা ৪৷ ইনষ্টিটিউটের পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং ইনষ্টিটিউট যে সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিতে পারিবে পরিচালনা বোর্ড সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে৷

5.৫৷ পরিচালনা বোর্ড

পরিচালনা বোর্ড ৫৷ পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- সভাপতি; (খ) প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- সহ-সভাপতি; (গ) স্থানীয় সরকার মন্ত্রণালয় বা বিভাগের সচিব-সদস্য; (ঘ) সংস্থাপন মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (চ) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব এর পদমর্যাদা সম্পন্ন উহার একজন কর্মকর্তা; (ছ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক মনোনীত উহার একজন প্রতিনিধি; (জ) মহাপরিচালক, ব্যবস্থাপনা উন্নয়ন কেন্দ্র; (ঝ) মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লা; (ঞ) ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা; (ট) সরকার কর্তৃক মনোনীত চারটি স্থানীয় সরকারের চারজন প্রতিনিধি; (ঠ) প্রকৌশল উপদেষ্টা, স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরো; (ড) ইনষ্টিটিউটের মহাপরিচালক, যিনি উহার সচিবও হইবেন৷

6.৬৷ ইনষ্টিটিউটের দায়িত্ব

ইনষ্টিটিউটের দায়িত্ব ৬৷ ইনষ্টিটিউটের নিম্নরূপ দায়িত্ব থাকিবে, যথা:- (ক) সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীগণকে স্থানীয় সরকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা; (খ) সরকার কর্তৃক নির্দেশিত স্থানীয় সরকার সংক্রান্ত বিষয়ের উপর সরকারকে পরামর্শ প্রদান করা; (গ) স্থানীয় সরকার সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও বিষয়ের উপর গবেষণা পরিচালনা করা; (ঘ) স্থানীয় সরকারের সহিত সম্পর্কিত বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা; (ঙ) স্থানীয় সরকার বিষয়ে জাতীয় এবং সরকারের পূর্বানুমোদনক্রমে, আন্তর্জাতিক পর্যায়ের কর্মশিবির, সেমিনার এবং সম্মেলনের আয়োজন করা; (চ) স্থানীয় সরকার এবং ইহার সহিত সম্পৃক্ত বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করা; (ছ) স্থানীয় সরকার এবং ইহার সহিত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে ডকুমেন্টেশনের সুবিধা প্রদান এবং জাতীয় ডকুমেন্টেশন কেন্দ্র গড়িয়া তোলা; (জ) স্থানীয় সরকার বিষয়ক গ্রন্থ, সাময়িকী, গবেষণা প্রতিবেদন, মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা; (ঝ) গ্রন্থাগার ও পাঠকক্ষ স্থাপন ও পরিচালনা করা; (ঞ) স্থানীয় সরকার বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমের সমন্বয় সাধন করা; (ট) সরকারের পূর্বানুমোদনক্রমে, স্থানীয় সরকার বিষয়ে বিদেশী ও আন্তর্জাতিক সংস্থার সহিত যোগাযোগ এবং প্রয়োজনে, যৌথ কর্মসূচী গ্রহণ করা; (ঠ) স্থানীয় সরকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট কোর্স প্রবর্তন করা; (ড) সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যক্রম গ্রহণ করা; (ঢ) উপরোক্ত কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহণ করা৷

7.৭৷ মহাপরিচালক ও পরিচালক

মহাপরিচালক ও পরিচালক ৭৷ (১) ইনষ্টিটিউটের একজন মহাপরিচালক এবং সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক পরিচালক থাকিবে৷ (২) মহাপরিচালক ও পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরকৃত হইবে৷ (৩) মহাপরিচালক পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি বা অসুস্থতা বা অন্য কোন কারণে মহাপরিচালক দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নব নিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি মহাপরিচালকরূপে দায়িত্ব পালন করিবেন৷ (৪) মহাপরিচালক ইনষ্টিটিউটের মূখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন, এবং তিনি- (ক) বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (খ) ইনষ্টিটিউটের প্রশাসন পরিচালনা করিবেন; (গ) বোর্ডের নির্দেশ মোতাবেক ইনষ্টিটিউটের অন্যান্য কার্য সম্পাদন করিবেন৷

8.৮৷ বোর্ডের সভা

বোর্ডের সভা ৮৷ (১) বোর্ড প্রতি দুইমাসে কমপক্ষে একবার সভায় মিলিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক স্থিরকৃত হইবে৷ (২) বোর্ডের সভায় কোরামের জন্য উহার মোট সদস্য-সংখ্যার অন্যুন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না৷ (৩) সভাপতি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে তত্কর্তৃক মনোনীত কোন সদস্য সভাপতিত্ব করিবেন৷ (৪) প্রত্যেক সদস্যের একটি ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷ (৫) শুধু কোন সদস্য পদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকিবার কারণে ইনষ্টিটিউটের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷

9.৯৷ নির্দেশ প্রদানের ক্ষমতা

নির্দেশ প্রদানের ক্ষমতা ৯৷ এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে সরকার ইনষ্টিটিউটকে যে কোন নির্দেশ প্রদান করিতে পারিবে এবং ইনষ্টিটিউট উহা পালন করিতে বাধ্য থাকিবে৷

10.১০৷ সভাপতির বিশেষ ক্ষমতা

সভাপতির বিশেষ ক্ষমতা ১০৷ ইনষ্টিটিউটের স্বার্থে তাত্ক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে সভাপতি যে কোন সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন এবং তিনি তত্সম্পর্কে বোর্ডকে অবিলম্বে অবহিত করিবেন৷

11.১১৷ কমিটি

কমিটি ১১৷ ইনষ্টিটিউট উহার দায়িত্ব পালনে উহাকে সহায়তা প্রদানের জন্য এক বা একাধিক কমিটি নিয়োগ করিতে পারিবে৷

12.১২৷ ইনষ্টিটিউটের তহবিল

ইনষ্টিটিউটের তহবিল ১২৷ (১) ইনষ্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে- (ক) সরকারী অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষের অনুদান; (গ) ইনষ্টিটিউটের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (ঘ) সরকারের অনুমতিক্রমে, কোন বিদেশী সরকার বা প্রতিষ্ঠান হইতে গৃহীত দান, সাহায্য বা মঞ্জুরী; (ঙ) ইনষ্টিটিউট কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ, জমা হইবে৷ (২) ইনষ্টিটিউটের তহবিল বোর্ডের অনুমোদনক্রমে যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে৷ (৩) ইনষ্টিটিউট উহার দায়িত্ব পালনের প্রয়োজনে উহার তহবিল ব্যবহার করিতে পারিবে৷

13.১৩৷ ঋণ গ্রহণের ক্ষমতা

ঋণ গ্রহণের ক্ষমতা ১৩৷ ইনষ্টিটিউট উহার কার্যাবলী সম্পাদনের প্রয়োজনে কোন তফসিলি ব্যাংক হইতে ঋণ গ্রহণ করিতে পারিবে৷

14.১৪৷ ক্ষমতা অর্পণ

ক্ষমতা অর্পণ ১৪৷ বোর্ড উহার যে কোন ক্ষমতা বা দায়িত্ব সুনির্দিষ্ট শর্তে মহাপরিচালক বা ইনষ্টিটিউটের অন্য কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে৷

15.১৫৷ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ১৫৷ (১) সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশাবলী সাপেক্ষে ইনষ্টিটিউট উহার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে৷ (২) ইনষ্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷

16.১৬৷ বার্ষিক বাজেট বিবরণী

বার্ষিক বাজেট বিবরণী ১৬৷ ইনষ্টিটিউট প্রতি বত্সর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী অর্থ বত্সরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত অর্থ বত্সরে সরকারের নিকট হইতে ইনষ্টিটিউটের কি পরিমাণ অর্থের প্রয়োজন উহার উল্লেখ থাকিবে৷

17.১৭৷ হিসাব রক্ষণ ও নিরীক্ষা

হিসাব রক্ষণ ও নিরীক্ষা ১৭৷ (১) ইনষ্টিটিউট যথাযথভাবে উহার হিসাব রক্ষা করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে৷ (২) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা-হিসাব নিরীক্ষক বলিয়া উল্লিখিত, প্রতি বত্সরে ইনষ্টিটিউটের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোর্ট এর একটি করিয়া অনুলিপি সরকার ও ইনষ্টিটিউটের নিকট প্রেরণ করিবেন৷ (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা-হিসাব নিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি ইনষ্টিটিউটের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং ইনষ্টিটিউটের মহা-পরিচালক, পরিচালক এবং অন্য যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন৷

18.১৮৷ প্রতিবেদন

প্রতিবেদন ১৮৷ (১) প্রতি আর্থিক বত্সর শেষ হইবার সংগে সংগে ইনষ্টিটিউট উক্ত বত্সরে সম্পাদিত কার্যাবলী সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট দাখিল করিবে৷ (২) সরকার, প্রয়োজনমত, ইনষ্টিটিউটের নিকট হইতে ইনষ্টিটিউটের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী আহ্বান করিতে পারিবে এবং ইনষ্টিটিউট উহা সরকারের নিকট প্রেরণ করিতে বাধ্য থাকিবে৷

19.১৯৷ সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ ১৯৷ এই আইন, কোন বিধি বা প্রবিধানের অধীন সরল বিশ্বাসে কৃত কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাঁহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে তজ্জন্য বোর্ড, সভাপতি, সদস্য, মহাপরিচালক বা ইনষ্টিটিউটের অন্য কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন প্রকার আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না৷

20.২০৷ বিধি প্রণয়নের ক্ষমতা

বিধি প্রণয়নের ক্ষমতা ২০৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷

21.২১৷ প্রবিধান প্রণয়নের ক্ষমতা

প্রবিধান প্রণয়নের ক্ষমতা ২১৷ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ইনষ্টিটিউট সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা কোন বিধির সহিত অসমঞ্জস্য না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে৷

22.২২৷ ন্যাশনাল ইনষ্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট বাতিল ইত্যাদি

ন্যাশনাল ইনষ্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট বাতিল ইত্যাদি ২২৷ (১) ইনষ্টিটিউট প্রতিষ্ঠার সংগে সংগে রিজুলিউশন নং এম-১৩/এল জি আই-২/৬৯/৫৮৪, তারিখ ২১শে জুন, ১৯৬৯ বাতিল হইয়া যাইবে৷ (২) উক্ত রিজুলিউশনের বাতিল হইবার সংগে সংগে- (ক) উক্ত রিজুলিউশনের অধীন গঠিত লোকাল গভর্ণমেন্ট ইনষ্টিটিউট (ন্যাশনাল ইনষ্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট), অতঃপর উক্ত প্রতিষ্ঠান বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত প্রতিষ্ঠানের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার ইনষ্টিটিউটে হস্তান্তরিত হইবে এবং ইনষ্টিটিউট উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার পূর্বে উক্ত প্রতিষ্ঠানের যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা ইনষ্টিটিউটের ঋণ, দায় এবং দায়িত্ব হইবে; (ঘ) উক্ত প্রতিষ্ঠান কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা-মোকদ্দমা ইনষ্টিটিউট কর্তৃক বা ইনষ্টিটিউটের বিরুদ্ধে দায়েরকৃত মামলা-মোকদ্দমা বলিয়া গণ্য হইবে; (ঙ) উক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী ইনষ্টিটিউটে বদলী হইবেন এবং তাঁহারা ইনষ্টিটিউট কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং এইরূপ বদলীর পূর্বে তাঁহারা যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, ইনষ্টিটিউট কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত সেই একই শর্তে তাঁহারা ইনষ্টিটিউটের চাকুরীতে নিয়োজিত থাকিবেন৷

© 2026 Bangladesh Law Digest (BDLD). This is a convenience mirror. For official texts, refer to the Bangladesh Gazette.